একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি- রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবল, “আজকের প্রেজেন্টেশনটা নিশ্চয়ই খারাপ হবে।” সারাদিন সে এই চিন্তাটাই মাথায় নিয়ে ঘুরছে। কিন্তু দিনের শেষে দেখা গেল, তার সবচেয়ে বড় বাধা ছিল প্রেজেন্টেশন নয়, বরং তার নিজের নেতিবাচক চিন্তাগুলো।
নেতিবাচক চিন্তা জীবনের একটি স্বাভাবিক অংশ। তবে যখন এসব চিন্তা আমাদের মাথায় বারবার ঘুরতে থাকে, তখন তা আমাদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে কিছু কার্যকর অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। তাই আসুন জেনে নেয়া যাক নেতিবাচক চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন-
১. নিজের সাথে কথা বলা
আমরা প্রায়ই নিজেদের সম্পর্কে এমন কিছু কথা বলি, যা অন্য কাউকে কখনো বলতাম না। যেমনঃ আমি পারব না বা আমার দ্বারা হবে না। এটা বলার পরিবর্তে নিজেকে বলুন, “আমি চেষ্টা করছি” বা “আমি শিখছি।” ইতিবাচক Self-Talk আস্তে আস্তে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
২. থামা এবং নতুন করে ভাবা
কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসলেই সেটিকে সত্য ধরে নেওয়ার কোন প্রয়োজন নেই। কিছুক্ষণ থামুন এবং পরিস্থিতিটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, “আমি কি পুরো বিষয়টি বাস্তবভাবে দেখছি, নাকি শুধু খারাপ দিকটাই ভাবছি?” অনেক সময় নতুনভাবে চিন্তা করলে সমস্যার সমাধান সহজ হয়ে যায়।
৩. মানসিক প্রশান্তি অনুশীলন করা
ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা কিছু সময় নীরবে বসে থাকা মনকে শান্ত করতে সাহায্য করে। নিয়মিত ব্যায়ম ও মানসিক প্রশান্তির চর্চা করলে উদ্বেগ কমে। এর ফলে চিন্তাগুলো আরও নিয়ন্ত্রিত হয়।
৪. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো
আমাদের আশেপাশের মানুষের চিন্তাভাবনা আমাদের মানসিকতার ওপর ব্যাপক প্রভাব ফেলে। কাদের সাথে আপনি চলাফেরা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন যারা আপনাকে উৎসাহ দেয় এবং অনুপ্রাণিত করে। কেননা, ইতিবাচক পরিবেশ মানসিক শক্তি বাড়ায় এবং নেতিবাচক চিন্তা কমাতে সহায়তা করে।
৫. ছোট ছোট পদক্ষেপ নেওয়া
সব সমস্যার সমাধান একদিনে হয় না। তাই বড় লক্ষ্য নিয়ে অতিরিক্ত চিন্তা না করবেন না। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। কারণ, প্রতিটি ছোট অগ্রগতি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। যা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।
আপনি নেতিবাচক চিন্তা দূর করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি অনুসরণ করেন? আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে শেয়ার করুন।
